
ফাতেহ ডেস্ক:
যশোরের মণিরামপুরে সরকারি ত্রাণের চাল চুরির মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও এলজিআরডি প্রতিমন্ত্রীর ভাগ্নে উত্তম চক্রবর্তী বাচ্চুর বিরুদ্ধে মালক্রোক ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জেলা ও দায়রা জজ আদালত।
গেল ১ অক্টোবর উত্তম চক্রবর্তী বাচ্চুসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ। চার্জশিটের উপর শুনানি শেষে গত ৬ই নভেম্বর চার্জ গঠন করেন বিচারক। এরপর আসামী উত্তম চক্রবর্তী বাচ্চু আদালতে হাজির না হওয়ায় মালক্রোক ও গ্রেফতারি পরোয়ানার এ আদেশ দেয় আদালত।
উল্লেখ্য, গত ৪ঠা এপ্রিল খুলনার মহেশ্বরপাশা থেকে যশোরের মনিরামপুরের উদ্দেশে ৫ ট্রাক সরকারি ত্রাণের চাল আসে। যার মধ্যে থেকে এক ট্রাক চাল গোডাউনে লোড না দিয়েই স্থানীয় ভাই ভাই রাইস মিলে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫৪৯ বস্তা চাল উদ্ধার এবং মিল মালিক ও ট্রাক ড্রাইভারকে আটক করে। আটক দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ কয়েকজনের নাম প্রকাশ করে। তদন্ত শেষে উত্তম চক্রবর্তী বাচ্চুসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে যশোর ডিবি পুলিশ।
