আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের ত্রিপুরার আগরতলায় এবার ১৭ বছর বয়সী আরও এক কিশোরীকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা করা হয়েছে। শনিবার ত্রিপুরার দক্ষিণে শান্তিরবাজারে এ ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেশীরা অভিযোগ করেছেন, কিশোরীর প্রেমিক ও প্রেমিকের বন্ধুরা মিলে আটকে রেখে তাকে দু’মাস টানা ধর্ষণ করে। এ সময় ৫০ হাজার রুপি মুক্তিপণও দাবি করা হয়। এরপর গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে মেয়েটির শরীরের ৯০ ভাগ পুড়ে যায়। মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় শনিবার তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এর কিছুক্ষণ পরই সে মারা যায়।
মেয়েটি মারা যাওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে হাসপাতালের বাইরে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়। উত্তেজিত জনতা অভিযুক্ত যুবক ও তার মায়ের ওপর হামলা চালায়।
কিশোরীর পরিবারের অভিযোগ, তাকে মুক্তি দিতে ৫০ হাজার রুপি মুক্তিপণ দাবি করছিল অজয় রুদ্রপাল। কিন্তু শুক্রবার পর্যন্ত তারা মাত্র ১৭ হাজার রুপি সংগ্রহ করতে পারে। এতে ক্ষিপ্ত হয়ে অজয় তার গায়ে আগুন ধরিয়ে দেয়।
দক্ষিণ ত্রিপুরার এসপি জল সিং মীনা বলেছেন, এই মামলার প্রধান অভিযুক্ত অজয়। তাকে হাসপাতাল এলাকা থেকে আটক করা হয়েছে। পরে তাকে নিয়ে যাওয়া হয়েছে শান্তিরবাজার পুলিশ স্টেশনে। ওই মেয়েটির গায়ে আগুন দেয়া হয় শুক্রবার রাতে। এ বিষয়ে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অজয়ের সঙ্গে পরিচয় হয় ওই কিশোরীর। গত মাসে দিওয়ালির সময় অজয় তাদের বাড়ি বেড়াতে যায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। এরপরই অজয়ের হাত ধরে পালিয়ে যায় সে। পরিবারের অভিযোগ, এর পর থেকেই মুক্তিপণের জন্য জোরপূর্বক মেয়েটিকে আটকে রাখে অজয় ও তার সঙ্গীরা।
