থামছেই না সীমান্ত হত্যাকাণ্ড, বিএসএফের গুলিতে নিহত আরও এক বাংলাদেশি

থামছেই না সীমান্ত হত্যাকাণ্ড, বিএসএফের গুলিতে নিহত আরও এক বাংলাদেশি

ফাতেহ ডেস্ক :

সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের হত্যাকাণ্ড থামছেই না। এবার শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হলো উকিল মিয়া (১৯) নামে আরও এক বাংলাদেশি যুবক।

সোমবার ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তের ১০৯১ নম্বর পিলারের কাছে পানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সুমন মিয়া নামে আরেক যুবক আহত হয়। নিহত উকিল মিয়া উপজেলার মেঘাদল গ্রামের বঙ্গসুরুজের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সুবেদার খন্দকার আব্দুল হাই জানান, গরুকে ঘাস খাওয়ানোর জন্য কয়েকজন যুবক ভারতীয় সীমান্তের কুমারগাতি এলাকায় ঢুকলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় উকিল ও সুমন বাংলাদেশের সীমান্তের পানবাড়ি এলাকায় এসে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে এলে উকিল মারা যায়। খবর পেয়ে কর্ণঝোড়া ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিজিবি ক্যাম্পের সুবেদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আহত সুমনকে শ্রীবরদী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

আগের সংবাদ২৫ নভেম্বর সাভারে ‘আকিদায়ে খতমে নবুওয়াত’ শীর্ষক সেমিনার
পরবর্তি সংবাদরোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতের বিচার মানতে মিয়ানমার বাধ্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী