১০ দিনেই আফগানিস্তানের নাম পৃথিবীর বুক থেকে মুছে দিতে পারতাম : ট্রাম্প

আন্তর্জাতিক

আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ আফগানিস্তানকে চাইলে মাত্র ১০ দিনেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারতেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসে ইমরান খানের সঙ্গে আফগানিস্তানে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার একপর্যায়ে ট্রাম্প বলেন, ‘যদি আমি যুদ্ধ জিততে চাইতাম, তাহলে আফগানিস্তানের নাম পৃথিবীর বুক থেকে মুছে যেত। ১০ দিনেই সব শেষ হয়ে যেত। আমি শুধু এক কোটি মানুষকে হত্যা করতে চাইনি। আমরা পাকিস্তান ও অন্যদের সঙ্গে মিলে কাজ করছি। আমরা যুদ্ধ করছি না। আমরা শান্তিরক্ষীর ভূমিকা পালন করতে চাই না, আমাদের সেই বাধ্যবাধকতাও নেই। কিন্তু এই মুহূর্তে আমাদের আসলে সেটিই করতে হচ্ছে।’ খবর ওয়াশিংটন পোস্টের।

কূটনৈতিক সূত্রের মাধ্যমে ট্রাম্পের এমন মন্তব্যের ‘ব্যাখ্যা’ জানতে চেয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

আফগানিস্তানের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তানে শান্তি নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে আমরা সমর্থন করি। কিন্তু আফগান সরকার মনে করে, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান আফগানিস্তানের ভাগ্য নির্ধারণ করতে পারেন না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন আফগানিস্তানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী রহমতুল্লাহ নাবিল। এক টুইট বার্তায় তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এমন ‘অপমানের’ পর আশরাফ ঘানি থেকে শুরু করে তালেবান—সবাইকে নিজেদের স্বার্থ ভুলে ঘোষণা করা উচিত যে আফগানরা নিজেরাই নিজেদের শান্তি রক্ষায় কাজ করতে সক্ষম।

রানা মোমান্দ নামের এক আফগান বংশোদ্ভূত আমেরিকান টুইট করে ট্রাম্পের তথ্যগত ভুলের দিকটি ধরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘কেউ কি ডোনাল্ড ট্রাম্পকে বলে দিতে পারবেন, আফগানিস্তানকে পৃথিবীর বুক থেকে মুছে দিতে ১ কোটি নয়, বরং ৩ কোটি ৭০ লাখ মানুষকে হত্যা করতে হবে। কারণ ফিলিস্তিনে ৩ কোটি ৭০ লাখ মানুসের বসবাস।’

আগের সংবাদসিরিয়ার তাল আল-হারা’য় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল
পরবর্তি সংবাদ‘ইসকন’-এর বিরুদ্ধে মামলা করলেন মুফতি হাবিবুর রহমান মিছবাহ