
ফাতেহ ডেস্ক
আচরণ বিধি লঙ্ঘন করায় দুই সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. ফজলে রাব্বি মিয়া ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ারকে এই নির্দেশ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশন থেকে পাঠানো চিঠিতে জানানো হয়, গাইবান্ধা-৫ ও কক্সবাজার ৩-এর সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীদের পক্ষে সরাসরি প্রচার চালিয়েছেন। এ কারণে দুই সংসদ সদস্যকে ২ দিনের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকা না ছাড়লে ওই এলাকায় ভোট স্থগিত করার কথাও জানিয়েছে ইসি। এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রথম ধাপের নির্বাচনে ৯ সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।
