আন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি আরবে বাঙ্গালী নারীদের প্রতি অবিচারের বিভিন্ন ঘটনা প্রায়শই গণমাধ্যমে প্রকাশিত হয়। বিপরীতে সৌদি নাগরিকদের মানবিকতার ঘটনাও রয়েছে। নিজে দরিদ্র হওয়া সত্বেও সড়ক-দূর্ঘনার শিকার সতের বাঙ্গালী নারীকে নিজের ঘরে আশ্রয় দেন ‘বাদরিয়াহ হাজারী’ নামে এক নারী।
ওয়েব পোর্টাল ‘আল বালাদ’ এর বরাতে উর্দু ইন্ডিপেন্ডেন্ট তাদের ১৫ ফেব্রুয়ারীর এক প্রতিবেদনে জানায়, রিয়াদ থেকে বাঙ্গালী নারী কর্মচারীদের নিয়ে একটি বাস ‘খামিস মাশিদ’ এ যাচ্ছিল। প্রতিমধ্যে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে সতের জন বাঙ্গালী নারী চরম ঠান্ডার মধ্যে খামিস মাশিদ হাসপালে অবস্থান করতে থাকেন। তাদের দায়িত্বশীল কম্পানিও যোগাযোগ করছিল না। তখন সৌদি হাসপাতালের এক নারী কর্মী তাদেরকে নিজের বাড়িতে নিয়ে আট দিন মেহমানদারী করেন।
মাসিক মাত্র ২৮ শত রিয়ালে খামিস মাশিদ হাসপাতালে চাকরি করেন সৌদি নারী কর্মী বাদরিয়াহ হাজারী। তার পিতা এই হাসপাতালে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন। পিতামাতার একমাত্র সন্তান বাদরিয়াহ বৃদ্ধ মাতার ব্যায়ভার মিটাতে পিতার কর্মস্থলে বিশেষ বিবেচনায় চাকরি পান।
প্রতিবেদনে বলা হয়, ভূক্তভোগীরা সৌদি নারীর কথা প্রথম বিশ্বাসই করতে পারছিল না। সৌদি নারী তার কম্পানির সাথে কথা বলে তাদেরকে নিজ বাড়িতে নিয়ে যান। এবং তাদের সাধ্যমত আতিথিয়তা করার চেষ্টা করেন। পরবর্তীতে কম্পানির সাথে যোগাযোগ করে তাদেরকে নিরাপদে কর্মস্থলে পাঠানোর ব্যবস্থা করেন এই দরিদ্র সৌদি নারী।
বিদেশী নারীরা তাদের কম্পানিতে ফিরে গেছে। কিন্তু অসহায় এক সৌদি নারীর অবদান ও মানবিকতা তারা ভুলতে পারবে না।
