ফাতেহ ডেস্ক :
রাজধানীর কুর্মিটোলায় ২য় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানান।
সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের মতো জঘন্য ও পাশবিক ঘটনায় ধিক্কার জানাই।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, ধর্ষণ একটি মারাত্মক সামাজিক ব্যাধিতে পরণিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শৈথিল্য, বিচারের দীর্ঘসূত্রিতা এবং কখনো কখনো সঠিক তদন্তের অভাবে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে ধর্ষণব্যাধির বিস্তার ঘটে চলেছে। আমাদের এখনই এসবের মূলোৎপাটনে রুখে দাঁড়াতে হবে, নতুবা এটি অধিকতর মহামারি আকার ধারণ করবে- যা আমাদের দেশ ও জাতির জন্য দীর্ঘমেয়াদি অসহনীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। একইসঙ্গে আমরা ধর্ষণের মতো ঘৃণ্য কাজের অবসানকল্পে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।
আমরা অনতিবিলম্বে ধর্ষণের সঙ্গে যুক্ত নরপিশাচদের গ্রেপ্তার দাবি করছি এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আশা করবো, তনুসহ অপরাপর ঘটনার মতো ধর্ষণ ও নিপীড়নমূলক অপরাধের ক্ষেত্রে বিচারের বাণী যেন আর নিভৃতে না কাঁদে। সেজন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
