ফরেনসিক পরীক্ষায় ঢাবি ছাত্রীকে ধর্ষণের আলামত মিলেছে

ফরেনসিক পরীক্ষায় ঢাবি ছাত্রীকে ধর্ষণের আলামত মিলেছে

ফাতেহ ডেস্ক :

ফরেনসিক পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।

আজ বেলা সোয়া তিনটার দিকে সোহেল মাহমুদ বলেন, ফরেনসিক পরীক্ষায় ওই ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার গলায় আঙুলের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তার গলা টিপে ধরার চেষ্টা করা হয়েছিল। হাতে পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সারা পায়ে খোঁচা লাগার দাগ রয়েছে। ঝোপের মধ্যে ধর্ষণের কারণে এ দাগ হতে পারে।

এদিকে ছাত্রী ধর্ষণের ঘটনাস্থল চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে গলফ ক্লাব সীমানার শেষ প্রান্তে ঝোপের মধ্যে মেয়েটিকে ধর্ষণ করা হয়।

ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ঘটনাস্থলে ক্রাইম সিন আছে। তারাও আলামত সংগ্রহ করছে। একটি ঝোপ থেকে ধর্ষণের শিকার ছাত্রীর চাবির রিং, দুটি ইনহেলার, নোটবুক পাওয়া গেছে। তিনি বলেন, ঘটনা তদন্তে তথ্য প্রযুক্তিরও সহায়তা নেওয়া হচ্ছে। আশা করা যায়, ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরা যাবে। ধর্ষক একজন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যেতে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠেন। বাস থেকে কুর্মিটোলা এলাকায় নামার পর অজ্ঞাতপরিচয় একজন তার মুখ চেপে ধরে। পরে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে চেতনা ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। বান্ধবীকে ঘটনা জানান। এরপর সহপাঠীরা তাকে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আগের সংবাদনিজের সাথে নিজের বসবাস : মুসলিম সভ্যতায় আত্মজীবনী সাহিত্য
পরবর্তি সংবাদ‘দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণ বাড়ছে’