
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী ডা. মুহাম্মদ সালেহ বিন তাহের বিনতান বলেছেন, দ্বিতীয় বার ওমরার জন্য নির্ধারিত ফি বাতিল করে দিয়েছে সৌদি সরকার। এখন থেকে দ্বিতীয়বার ওমরা করতে কোনো ফি লাগবে না। এ ছাড়াও ওমরার ভিসা, ফি হজ ও ওমরার পরিষেবা বিভাগগুলি পুনর্গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর আল-আরাবিয়া ডটনেট।
মন্ত্রী বলেন,হজ ও ওমরার বিষয়ে নতুন সিদ্ধান্তটি ‘ভিশন ২০৩০’ লক্ষ্য অর্জনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করে সৌদি সরকার। এ সিন্ধান্তের আওতায় ‘ভিশন ২০৩০’ এর লক্ষ্যমাত্রায় ওমরা ও হজযাত্রী বাৎসরিক ৩০০ কোটিতে পৌঁছানোর উদ্দেশ্য সৌদি আরবের।
মন্ত্রী আরও বলেন, হজ ও ওমরার জন্য উন্নত সুযোগ-সুবিধা দিতে সৌদি সরকার ও হারামাইন শরিফাইনের খাদেম সৌদি বাদশা শাহ সালমান বিন আবদুল আজিজ আল্লাহর মেহমানদের সম্মানে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, উমরা ও হজ করতে সৌদি সরকারকে নির্দিষ্ট পরিমাণের ফি দিতে হয়। কেউ যদি প্রথম উমরা করতে আসে তার ফি আদায় করতে হলেও এখন থেকে দ্বিতীয়বার কোনো ফি দিতে হবে না । তবে ওমরা পালনকালে মক্কায় অবস্থানের সময় থাকা, খাওয়া, ট্রান্সপোর্ট ইত্যাদি খরচাদি নিজেদেরকেই বহন করতে হবে। এমনকি ওমরা ভিসায় সমগ্র সৌদি আরব ভ্রমণও করা যাবে বলে জানায় সৌদি ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কমিশন।
