
ফাতেহ ডেস্ক
দ্বিতীয় ধাপে ১৬ জেলার ১১৬টি উপজেলা পরিষদ নির্বাচনে আজ সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৩৭৭ জন চেয়ারম্যান, ৫৪৮ জন ভাইস চেয়ারম্যান এবং ৪০০ নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৭ হাজার ৩৯টি কেন্দ্রে ভোটার সংখ্যা ১ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন।
যেসব জেলায় নির্বাচন হচ্ছে সেগুলোহলো- ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, বগুড়া, নওগাঁ, পাবনা, সিলেট, মৌলভীবাজার, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং কক্সবাজার। এ সব আজ সোমবার সরকারি ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের এই নির্বাচনে ২৩ চেয়ারম্যান, ১৩ ভাইস চেয়ারম্যান এবং ১২ নারী ভাইস চেয়ারম্যান ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে রোববার রাজধানীর নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘শান্তিপূর্ণভাবে এই নির্বাচন সম্পন্ন করতে ইসি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।’
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকার পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন জেলার ২৫ উপজেলায় তিন দিনের জন্য সেনা মোতায়েন করা হয়েছে।
ইসি সচিব বলেন, ‘পার্বত্য জেলায় আমরা সেনাবাহিনীর সহায়তা চেয়েছি। ১৭-১৯ মার্চ সেনাবাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন।’
