ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা

ফাতেহ ডেস্ক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোজনা ইউনিয়নের পুঠিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রওশন আলী (২৫) একই গ্রামের হতদরিদ্র দিনমজুর এক বাবার বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে (১৩) নানাভাবে ভয়ভীতি দেখিয়ে প্রায় তিন মাস ধরে লাগাতার ধর্ষণ করে আসছিল বলে অভিযোগ উঠেছে।

ধর্ষণের ফলে মেয়েটি এখন ২ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে জানা গেছে। ধর্ষণের শিকার মেয়েটির পরিবার জানায়, পুঠিয়া গ্রামের মান্নানের ছেলে রওশন আলী প্রায় তিন মাস ধরে তাদের বাক ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে লাগাতার ধর্ষণ করে। এতে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া এ মেয়েটি দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

এ ঘটনা যাতে ফাঁস না হয় সে-জন্যে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষক রওশন আলী মেয়েটিকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

বিষয়টি গ্রাম-প্রধানেরা গত মঙ্গলবার রাতে সালিসের মাধ্যমে মীমাংসার জন্য চেষ্টা করেন। কিন্তু ধর্ষক রওশন ও তার পরিবারের কেউ ওই সালিসে উপস্থিত না হয়ে ধর্ষিতার পরিবারকে মামলা না করতে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলেও জানা যায়।

এ অবস্থায় মেয়েটির পরিবার চরম অসহায় অবস্থায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছে বিচারের আশায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে ধর্ষকের শাস্তির দাবিতে গ্রামবাসী ক্রমশ ফুঁসে উঠছে।

ধর্ষণের কথা অকপটে স্বীকার করে ধর্ষক রওশন আলী জানান, বিচারে আমার যা হয় হবে। আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি।

এ ব্যাপারে পোজনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর হায়দার আলী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। আশা করি ২/৩ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে। আর যদি না হয় তাহলে ধর্ষককে পুলিশে সোপর্দ করা হবে।

আগের সংবাদবিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১০ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
পরবর্তি সংবাদনিউজিল্যান্ডের মসজিদে নির্মম সন্ত্রাসী হামলা, দুই বাংলাদেশিসহ সিজদারত ৪০ মুসল্লির মৃত্যু