নিউজিল্যান্ডের মসজিদে নির্মম সন্ত্রাসী হামলা, দুই বাংলাদেশিসহ সিজদারত ৪০ মুসল্লির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে জুমার নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে বর্ণবাদী শেতাঙ্গ এক বন্দুকধারী সিজদারত মুসল্লিদের ওপর গুলি ছোড়ে অন্তত ৪০ জন মুসল্লিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তাকে উদ্ধৃত করে নিউজিল্যান্ড হেরাল্ডসহ স্থানীয় কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে।

নিহত ৪০ জনের মধ্যে যে বাংলাদেশি দুজন রয়েছেন, সেটি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম সুফিউর রহমান। এ ছাড়া গুলিবর্ষণের ঘটনায় আহত দুই বাংলাদেশি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। আরও দুই বাংলাদেশি নিখোঁজ আছেন বলে জানা গেছে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন জানিয়েছেন, ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তবে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশের ক্রিকেট দল সেখানে নিরাপদে আছে।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডের এ হামলায় প্রবাসী এক বাংলাদেশি নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আপনারা দোয়া করুন, আর যেন কোনো প্রবাসীর লাশ তালিকায় না থাকে।

আর দুই বাংলাদেশি নিহত হওয়ার তথ্য জানিয়ে রাষ্ট্রদূত এম সুফিউর রহমান বলেন, আমরা এখন পর্যন্ত দুই বাংলাদেশি নিহত হয়েছে বলে শুনেছি। তবে তাদের নাম-পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হাইকমিশনার জানান, হতাহত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জানতে নিউজিল্যান্ড সরকারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তাদের নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর গণমাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সেখানকার দূতাবাসের কার্যক্রম পরিচালনা করা হয়।

এদিকে বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো সতর্কবার্তা দেয়া হয়েছিল কিনা, এ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ক্রিকেট দলের সবাই সুস্থ আছেন। তারা হোটেলে ফিরে গেছেন। তারা খুবই সৌভাগ্যবান যে মসজিদে ঢোকার আগেই এ হামলা হয়েছে।

আগের সংবাদধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা
পরবর্তি সংবাদনিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী জঙ্গি ট্রাম্পের একনিষ্ঠ অনুসারী