ধর্ষণের সাজা শেষে ইয়াবাসহ ইবি কর্মকর্তা গ্রেফতার

ফাতেহ ডেস্ক

ওলিউর রহমান সেতু নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ইয়াবাসহ আটক হয়েছেন। গতকাল সোমবার ২০ পিস ইয়াবাসহ কুষ্টিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে। সম্প্রতি একটি ধর্ষণ মামলায় ৭ মাস কারাভোগ করে বাড়ি ফিরে আবারো তিনি ইয়াবাসহ আটক হন।

জানা যায়, ওলিউর রহমান বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার শাখা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সোমবার কুষ্টিয়া সদর থানার বালিয়াপাড়া গ্রাম থেকে বিশেষ অভিযানে তিনি ইয়াবাসহ আটক হন। তিনি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এর আগে তিনি একটি ধর্ষণ মামলায় ৭ মাস কারাভোগ করেন। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করে।

গত কয়েক মাস আগে মুক্তি পাবার পর প্রশাসন তার বরখাস্তের আদেশ তুলে নেয়। ফিরে এসে আবারো তিনি মাদক সেবন ও সরবরাহের কাজে জড়িয়ে পড়েন। এলাকাবাসী সূত্রে জানা যায়, সেতু চারিত্র্যিক ও নৈতিকভাবে খুবই খারাপ স্বভাবের।

তার বিরুদ্ধে ধর্ষণ, মাদক, চাকরির প্রলোভনসহ প্রতারণার নানা অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন বলেন, ‘ইয়াবাসহ তাকে আমরা আটক করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আবদুল লতিফ বলেন, ‘আটকের ব্যাপারে লিখিত কোনো প্রমাণ পেলেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।’

আগের সংবাদকলমের এক খোঁচায় চাকরি হারালেন একঝাঁক সংবাদকর্মী, হুমকির মুখে সাংবাদিকতা পেশার ভবিষ্যত
পরবর্তি সংবাদতিন বছরে ৩০ পারা কুরআন হাতে লিখলেন বরিশালের হুমায়ুন