
ফাতেহ ডেস্ক
নিজ ইচ্ছা ও উদ্যোগে মাত্র তিন বছরে ৩০ পারা পবিত্র কুরআন হাতে লিখে অনন্য এক গৌরব অর্জন করেছেন বরিশালের হুমায়ুন কবির সুমন। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বারড়িয়া গ্রামের মো. রজব আলী শিকদারের ছেলে।
হুমায়ুন কবিরের মনে আরবি শেখার প্রতি এক ধরনের ঝোঁক তৈরি হয় ১৯৯৯ সালে। ওই বছর এসএসসি পাস করার পর আল কুরআন হাতে লেখার উদ্দেশ্যে আরবি লেখা শেখেন তিনি। তবে লেখার কাজ শুরু করেন ২০০৭ সালে। তিন বছর প্রচেষ্টার পর ২০১০ সালে ৩০ পারা কুরআন হাতে লেখা সম্পন্ন করেন হুমায়ুন।

হাতে লেখা এই আল কুরআনে পৃষ্ঠা বিন্যাস ও সৌন্দর্য বৃদ্ধিতে দারুণ ক্যালিওগ্রাফি ব্যবহার করেছেন হুমায়ুন কবির। তিনি হাতে লেখা বিশ্বের সবচেয়ে বড় কুরআনের পাণ্ডুলিপি তৈরি করতে চান। বর্তমানে ঢাকার গাউছিয়া মার্কেটের একটি শোরুমের সহকারী ম্যানেজার পদে কর্মরত আছেন হুমায়ুন কবির সুমন।
