ধানমন্ডি আইডিয়াল কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মোবাইল ফোন ভাঙলেন শিক্ষকরা

ফাতেহ ডেস্ক

শিক্ষার্থীদের জন্য নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করার কারণে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলা হয়েছে। গত শনিবার (১৩ জুলাই) কলেজ অধ্যক্ষ জসিম উদ্দিনের নেতৃত্বে মোবাইলগুলো প্রথমে জব্দ করে তারপর ভেঙে পুড়িয়ে ফেলা হয়।

অধ্যক্ষ জসিম উদ্দিন জানান, কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা নিষেধ–এমন নিষেধাজ্ঞা দেয়ার পরও তারা একাধিকবার তা লঙ্ঘন করেছে। গত সপ্তাহেও এ বিষয়ে সতর্ক করা হয়। তারপরও তারা ফোন নিয়ে আসে।

তিনি বলেন, ‘ক্লাস চলাকালীন ফোন বেজে উঠলে শিক্ষকদের অসুবিধা হয়। এ ছাড়া অনেকে ক্লাসে বসেই ফোনে কথা বলে। এতে ক্লাসে শিক্ষকদের পড়াতে সমস্যা হচ্ছে। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ আর কেউ না করে, সেজন্য মোবাইল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে।’

শিক্ষার্থীদের অভিযোগ, ফোন পুড়িয়ে ফেলার সময় বাধা দিতে গেলে তাদের প্রহার করা হয়। মিরপুর রূপনগর দুয়ারিপাড়া থেকে কলেজে আসে কমার্স বিভাগের একাদশ শ্রেণির ছাত্র মো. মাসিদ হাসান। সে বলে, ‘আমি অনেক দূর থেকে কলেজে আসা-যাওয়া করি। রাস্তায় কোনো সমস্যা হলে পরিবারের সঙ্গে যোগাযোগ করা জরুরি হয়ে পড়ে। আমি কলেজে ভর্তির পর প্রিন্সিপাল স্যারকে মোবাইল ফোনের কথা বলেছিলাম। স্যার আমাকে বলেছেন, যারা দূর থেকে আসবে, তাদের সমস্যা দেখা হবে। অথচ এত শখের ফোনটি আমার সামনে ভেঙে পুড়িয়ে ফেলা হয়েছে।’

আগের সংবাদটিকটক ভিডিও বানানোর জন্য সুরমা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, ৪৮ ঘন্টা পর মিলল লাশ
পরবর্তি সংবাদমাদক ব্যবসায়ী স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে স্ত্রীর আত্মহত্যা