নাটোরে ২৬ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মহিলা বিশ্ব ইজতেমা’!

নাটোরে ২৬ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মহিলা বিশ্ব ইজতেমা’!

ফাতেহ ডেস্ক:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারী ‘মহিলা বিশ্ব ইজতেমা’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ১৩ বছর ধরে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। জানা যায়, আগামী ২৬ জানুয়ারি, রবিবার সকাল ৯টায় আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। তিন দিন ব্যাপী এ ইজতেমায় দূর দূরান্তের মহিলাদেরও অংশগ্রহণ থাকে। কিন্তু বিশ্ব ইজতেমা নাম হলেও তাবলিগ জামাতের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা আছে বলে জানা যায়নি।

ইজতেমার আয়োজক আলহাজ্ব শের আলী শেখ গণমাধ্যমকে জানান, প্রথম দিন প্রধান আলোচক হিসাবে বয়ান করবেন ঢাকার মাওলানা মাহমুদুল হাসান শাহীন। দ্বিতীয় দিন পাবনার মাওলানা আমজাদ হোসেন জিহাদী এবং শেষ দিন নাটোরের মাওলানা রুহুল আমিন জিহাদী প্রধান আলোচক হিসাবে ইজতেমায় আগত নারীদের উদ্দেশ্যে বয়ান করবেন।

এছাড়া তিনদিনই তাদের পাশাপাশি ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন এলাকার বক্তারা আলোচনা রাখবেন। এই বক্তাদের পরিচিতি সম্পর্কেও খুব বেশি কিছু জানা যায়নি। তারা তাবলিগ জামাতের সঙ্গে সংশ্লিষ্ট কেউ নন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

শেষ দিন বিকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা সমাপ্ত হবে।

জানা গেছে, দূরাগত নারীদের জন্য কলেজের মহিলা হোস্টেলে নিরাপদ পরিবেশে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে। সমাপনী দিনে ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক কর্তৃপক্ষ।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, বিগত বছরগুলোর ন্যায় এবারও ইজতেমার নিরাপত্তা বিধানে পুরুষসহ পর্যাপ্ত নারী পুলিশ মোতায়েন থাকবে।

আগের সংবাদলিবিয়া যেভাবে জটিল রণক্ষেত্রে পরিণত হয়েছে
পরবর্তি সংবাদইসলামি সভ্যতায় নকলনবিশির কথকথা