নিউটাউন থেকে হজে যাচ্ছেন প্রায় ১২ হাজার মুসলমান

আন্তর্জাতি ডেস্ক

প্রতি বছরই কলকাতা হয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ হজ করতে যান সৌদি আরবে। এ বছরও প্রায় ১২ হাজার মানুষ যাচ্ছেন হজ করতে৷ এদের মধ্যে প্রায় ৪০ শতাংশ মহিলা৷ তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি৷ খবর কলকাতা২৪।

নিউটাউনের হজ হাউজ থেকে যাত্রীদের লাগেজ কলকাতা বিমানবন্দর হয়ে সরাসরি সৌদি আরবের জেদ্দায় যাত্রীর জন্য বরাদ্দ করা রুমে পৌঁছে দেওয়া হবে৷ এই রাজ্যের হজযাত্রীরা সৌদি আরবের যেখানে উঠবেন, সেখানে তাদের লাগেজ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কমিটি৷ এছাড়া হজ হাউজ থেকেই বিশেষ বাসে করে হজযাত্রীদের বিমানবন্দরে পৌঁছে দেওয়া হচ্ছে৷

কোন হজযাত্রী ফ্লাইটে ওঠার আগে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করছে হজ কমিটি। পরবর্তী বিমানে তাদেরকে পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে।

সময় বাঁচানো এবং হয়রানি এড়াতে হজ যাত্রীদের লাগেজ চেকিং এবং স্ক্যানিং নিউটাউনের হজ হাউজেই করা হচ্ছে৷ তাতে নিজেদের কাছে মাত্র একটা হ্যান্ডব্যাগ রাখলেই চলবে৷ আর হজযাত্রীদের যারা বিদায় জানাতে এসেছেন, তাদেরকে হজ হাউস থেকেই বাড়ি ফিরে যেতে হচ্ছে৷ হজযাত্রীদের সঙ্গে আসা আত্মীয়দের বিমানবন্দরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মহম্মদ নকি জানান, এই বছর প্রায় ১২ হাজার মানুষ হজ করতে যাচ্ছেন। গত বছরের তুলনায় চলতি বছর হজযাত্রীদের সংখ্যা বেড়েছে৷ তবে খরচ মাথা পিছু ২০ হাজার টাকা বেড়েছে৷ ভারত থেকে দু’টি ক্যাটাগরিতে যান হজযাত্রীরা৷ গ্রিন ক্যাটাগরিতে যারা যান তাদের মাথা পিছু প্যাকেজ তিন লক্ষ ২ হাজার টাকা৷ আর আ-জিজিয়া ক্যাটাগরিতে ২ লক্ষ ৬৫ হাজার টাকা৷ সর্বাধিক ৪১ দিনের প্যাকেজ৷

তিনি জানিয়েছেন, এই বছর ২৫ জুলাই হজের প্রথম বিমান সৌদি আরবের উদ্দেশে উড়ে গেছে। শেষ বিমান যাবে ৫ আগাস্ট। কলকাতা বিমান বন্দর থেকে সরাসরি জেদ্দায় পৌঁছে দিচ্ছে সৌদি এয়ারলাইন্সের মোট ২৭টি বিমান৷ আগামী ৩ অগস্ট হজযাত্রীদের জন্য দু’টি ফ্লাইট রয়েছে৷ এছাড়া ৪ তারিখে একটা ও ৫ অগস্ট দু’টি বিমান জেড্ডায় উড়ে যাবে হজযাত্রীদের নিয়ে৷ এরপর তারা ফের ভারতে ফিরে আসতে শুরু করবেন ১ সেপ্টেম্বর থেকে৷ ফিরে আসার শেষ বিমান জেদ্দা থেকে ছাড়বে ১৪ সেপ্টেম্বর৷ হজ যাত্রীরা কলকাতায় ফিরে আসার পর, যাদের বাড়ি দূরে তাদের জন্য দমদম বিমানবন্দরের কাছে কৈখালির একটি গেস্ট হাউজে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে৷

হজ কমিটির পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গসহ সাতটি রাজ্যের হজযাত্রীরা কলকাতা হয়ে যাচ্ছেন৷ এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ যাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকেই৷ অন্যান্য রাজ্যগুলো হল অসম, ওডিশা, বিহার, ত্রিপুরা ও মনিপুর৷

২০১৯ এ কোন রাজ্য থেকে কতজন যাচ্ছেন

পশ্চিমবঙ্গ থেকে ৮ হাজার ৪৩ জন৷
বিহার থেকে ১ হাজার ৩০৯ জন৷
ওডিশা থেকে ৬৫২ জন৷
ঝাড়খন্ড থেকে ৬৪৬ জন৷
অসম থেকে ৬১৫ জন৷
মনিপুর থেকে ৪৬০ জন।
ত্রিপুরা থেকে ১০৬ জন৷

২০১৯ সালে সর্বমোট হজ যাত্রী ১১ হাজার ৮৩১ জন৷ এর মধ্যে প্রায় ৪০ শতাংশ মহিলা৷ গত বছর এই সংখ্যাটা ছিল ১১ হাজার ১২৮ জন৷

গত বছরের মত এই বছরও নিউটাউনের হজ হাউজের সামনে হিডকোর নিজস্ব জমির উপর তৈরি হয়েছে ৪টি অস্থায়ী এহরাম ক্যাম্প। এর মধ্যে দু’টি মহিলাদের জন্য করা হয়েছে৷ যেখানে হজযাত্রীদের আত্মীয় পরিজনরা থাকতে পারছেন। পাশেই রয়েছে ফুডকোর্ট৷ তবে হজ হাউসে রাতে থাকতে পারবেন কেবলমাত্র হজ যাত্রীরাই। তবে দূরের যাত্রী হলে তার সঙ্গে একজনকে হজ হাউসের ভিতরে থাকতে দেওয়া হচ্ছে৷ এদের জন্যও ভিতরে চিপ ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে৷ রয়েছে মেডিক্যাল ক্যাম্প৷

এছাড়া বাইরে রয়েছে হজ কমিটির হেল্প ডেস্ক, মেডিক্যাল টিম, দমকল ও পুলিশ কন্ট্রোল রুম, যেখানে পুলিশ সর্বক্ষণ সিসিটিভিতে নজরদারি করছেন৷

আগের সংবাদফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতে ভূপাতিত ইসরাইলি ড্রোন
পরবর্তি সংবাদডেঙ্গু আতঙ্ক, মশারি পরে মোটরসাইকেলে চালক