নিজের মৃত্যুদণ্ডের রায় শুনে যা বললেন পারভেজ মোশাররফ

ফাতেহ ডেস্ক :

রাষ্ট্রদ্রোহের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত পাকিস্তানের সাবেক সামরিক শাসক অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফ বলেছেন, ‘আমি ভুক্তভোগী (ভিকটিমাইজ) হয়েছি। রায় এখনও পুরোপুরি শুনিনি। তবে আমি যে ন্যায়বিচার পাব না, সেটি আগে থেকেই জানতাম। এই রাষ্ট্রদ্রোহ মামলা একেবারেই ভিত্তিহীন।’

পাকিস্তানের সাবেক সামরিক শাসক অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ইসলামবাদের বিশেষ আদালত। কোনো রাষ্ট্রপ্রধানকে সর্বোচ্চ সাজা দেয়ার ঘটনায় পাকিস্তানের ইতিহাসে এই প্রথম।

পাকিস্তানের আদালত যখন সাবেক রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে, তখন হাসপাতালের বিছানায় পারভেজ মোশাররফ। সেখান থেকে এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমি ১০ বছর পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছি। আমি আমার দেশের জন্য লড়েছি। রাষ্ট্রদ্রোহের যে মামলা আমার বিরুদ্ধে দেয়া হয়েছে তাতে আমি ভুক্তভোগী। আমার প্রতি অন্যায় করা হয়েছে।’

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন অনলাইনের খবরে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট ও সামরিকপ্রধান পারভেজ মোশাররফ এখন সংযুক্ত আরব আমিরাতের দু্বাইয়ে অবস্থান করছেন।

উল্লেখ্য, জেনারেল পারভেজ মোশাররফ সামরিক ক্যুর মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতা দখল করেন এবং ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। পাকিস্তানে ২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলাটি ২০১৩ সাল থেকে চলে আসছে।

আগের সংবাদযাচাই-বাছাই না করেই রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদমাহফিলে শব্দদূষণ : বক্তারা যা বলছেন