নির্বাচন কমিশনের আগেই জয় দাবি করছে সু চির দল এনএলডি

আন্তর্জাতিক ডেস্ক:

নির্বাচন কমিশন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা না করলেও মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দেশটির সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করেছে। সোমবার দলটি বলছে, পরবর্তী সরকার গঠনের জন্য পার্লামেন্টের বেশির ভাগ আসনে জয় পেয়েছে তারা।

এনএলডির মুখপাত্র মিও নিন্ত বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা গেছে অং সান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্লামেন্টে ৩২২ আসনে জয় পেয়েছে।

সোমবার আরও পরের দিকে মিয়ানমারের সাধারণ নির্বাচনের ফল ঘোষণার কথা রয়েছে।

মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে ৪২৫ ও উচ্চকক্ষে ১৬১ আসন রয়েছে। ৫০ বছরের বেশি সময়ের সেনাশাসনের কবল থেকে মুক্ত হয়ে ২০১৫ সালে দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অং সান সু চির এনএলডি ভূমিধস জয় পায়। ওই বছর দলটি সংসদের মোট ৩৯০ আসনে বিজয়ী হয়। এবারের সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছেন মিও নিন্ত।

নির্বাচনের ফলের ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দেশটির সেনাসমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)।

আগের সংবাদফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে যা বললেন শাইখুল আজহার
পরবর্তি সংবাদ‘ওম্যান’ শব্দের সংজ্ঞা পরিবর্তন করল অক্সফোর্ড ডিকশনারি