নুসরাত হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সোনাগাজীর এই ওসি সাময়িক বরখাস্ত

ফাতেহ ডেস্ক

সোনাগাজী মডেল থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে এ সাময়িক বরখাস্তি দেয়া হয়। বরখাস্তের পর বৃহস্পতিবার তাকে রংপুর রেঞ্জের ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে বলে আজ শুক্রবার সকালে পুলিশ সদর দফতর সূত্র নিশ্চিত করেছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, পুলিশ সদর দফতরের তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ধরে অভিযুক্ত সকলের বিরুদ্ধেই ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

জানা যায়, নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে ১৩ এপ্রিল ডিআইজি এসএম রুহুল আমিনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ২ মে প্রতিবেদন পুলিশ সদর দফতরে জমা দেয়। ফেনীর এসপি জাহাঙ্গীর আলম সরকার এবং সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন, এসআই ইকবাল ও এসআই ইউসুফের গাফিলতির কথা উল্লেখ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে তদন্ত কমিটি।

তদন্ত প্রতিবেদনের সুপারিশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ইউনিট অভিযুক্ত পুলিশ সদস্যদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। ফেনীর পুলিশ সুপারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগের সংবাদপ্রায় এক দশক কর ফাঁকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প
পরবর্তি সংবাদবান্দরবানে গোলাগুলিতে ১ পাহাড়ি নিহত