
আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল।
জানা গেছে, গত বৃহস্পতিবার ইসরাইলের প্রধান আইন কর্মকর্তা, নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা করার ঘোষণা দেওয়ার পর থেকেই, দেশটির সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ জানাতে থাকে। ইসরায়েলি গণমাধ্যমও নেতানিয়াহুর দুর্নীতি নিয়ে সরব।
এছাড়া কালো পতাকা উড়িয়ে শনিবার দিনভর তেলআবিবের রাস্তায় চলাচল করে বহু গাড়ি। উদ্দেশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দুর্নীতির প্রতিবাদ জানানো।
তবে পাল্টা বিক্ষোভ আয়োজন করে নেতানিয়াহু সমর্থকরা দাবি করেছেন, নির্বাচন সামনে রেখে পরিকল্পিতভাবে নেতানিয়াহু’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
রাজধানী তেল আবিবে নেতানিয়াহু সমর্থকরা নীল ও সাদা রঙের জাতীয় পতাকা ও ‘নেতানিয়াহু জনগণ আপনার পাশে আছে’ ও ‘নেতানিয়াহু আপনি আমার প্রধানমন্ত্রী’ লিখা প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেয়।
অন্যদিকে, পুলিশের পাহারায় বিরোধীরা ‘অপরাধী প্রধানমন্ত্রী’ ও ‘নেয়ানিয়াহুর যাবার সময় হয়েছে’ লিখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করে। উভয় সমাবেশে কতজন উপস্থিত হয়েছে পুলিশ তা জানাতে অস্বীকার করে।
ইসরাইলের আইন অনুযায়ী অভিযুক্ত ও দোষী সাব্যস্ত না হওয়া এবং সবগুলো আবেদন খারিজ না হওয়া পর্যন্ত নেতানিয়াহু পদত্যাগ করতে বাধ্য নন। যদিও এই প্রক্রিয়াটি খুবই দীর্ঘ।
এইচ আর/
