
ফাতেহ ডেস্ক
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্য বৃদ্ধিকরণ ও সম্প্রসারণের উদ্দেশে ২ হাজার ৭০৫ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় নির্মিত হবে ১৭০ ফুট বিশিষ্ট একটি সুউচ্চ মিনার। তাছাড়া মসজিদটির সম্প্রসারণ কাজ সমাপ্ত হলে সেখানে ৩৫ হাজার পুরুষ মুসল্লি একসঙ্গে নামাজ আদায়ের পাশাপাশি সম্পূর্ণ পৃথক ব্যবস্থাপনায় প্রতি ওয়াক্তে আরও ৫ হাজার ৬০০ জন নারী মুসল্লিও একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
গতকাল রোববার (৩ মার্চ) জাতীয় সংসদে সাংসদ নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ এসব তথ্য জানান।
ধর্মমন্ত্রী আরও জানান, বর্তমানে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের।
অপর এক সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামানের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়ন শুরু হলে প্রত্যেক সংসদ সদস্য নিজেদের চাহিদা অনুযায়ী একটি করে মডেল মসজিদ যেকোনো জায়গায় স্থাপনের ইচ্ছাধিকার পাবেন।
এইচআর/
