নয়াদিল্লিতে হাসিনা-মোদি বৈঠকে তিনটি প্রকল্প উদ্বোধন ও ছয়টি সমঝোতা স্মারক সই

ফাতেহ ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকে তিনটি প্রকল্প উদ্বোধন ও শিক্ষা, সংস্কৃতি ও পানিসম্পদ বিষয়ে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে।

শনিবার দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে খুলনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইনজিনিয়ার্সে বাংলাদেশ-ভারত প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিআইপিএসডি); রামকৃষ্ণ মিশন, ঢাকায় বিবেকানন্দ ভবন উদ্বোধন ও বাংলাদেশ থেকে ত্রিপুরায় এলপিজি আমদানি প্রকল্পের উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে দুপুর ১টায় ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যাহ্নভোজ শেষে হায়দ্রাবাদ হাউসের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন ভারতের রাষ্ট্রপতি ভবনে। সেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বিকেল সাড়ে ৪টায় বৈঠক করবেন।

দিনের শেষ কর্মসূচি বিকেল ৫টায় হোটেল তাজমহলে ঠাকুর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে ঠাকুর শান্তি পুরস্কার দেওয়া হবে।

পরদিন অর্থাৎ সফরের শেষ দিন ৬ অক্টোবর সকাল ৯টায় প্রধানমন্ত্রীর আবাসস্থল তাজমহলে দেখা করবেন শ্যাম বেনেগাল, এরপর দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

এরমধ্য দিয়ে শেষ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর। ওই দিন রাত ৮টায় বিমান বাংলাদেশের ভিভিআইপি ফ্লাইট (বিজি+২০৩৩) যোগে ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন তিনি। রাত ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি।

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনার এটাই প্রথম ভারত সফর।

আগের সংবাদবরিশালে প্রাইভেট কারের ধাক্কায় ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত
পরবর্তি সংবাদ১৭ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে বাবরি মসজিদ মামলার শুনানি