
ফাতেহ ডেস্ক
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সবচেয়ে জটিল স্প্যানটি বসছে আগামীকাল বুধবার। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে স্থায়ীভাবে বসানো প্রথম স্প্যান হবে এটি। এই স্প্যান বসানোকে সেতুর সবচেয়ে জটিল ও চ্যালেঞ্জিং কাজ বলে জানিয়েছে সেতু-কর্তৃপক্ষ। যদিও মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারে অস্থায়ীভাবে একটি স্প্যান বসানো আছে।
আগামীকাল এই স্প্যান বসানো হবে ১৩ ও ১৪ নম্বর পিলারে।
এর আগে সেতুর প্রকৌশলী সূত্রে জানানো হয়, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পিয়ার-৬ ও ৭ এর কাজটি সবচেয়ে বেশি কঠিন ও চ্যালেঞ্জিং। এই দু’টি জটিল পিয়ার উঠানোর সমাধান বের করতে প্রায় এক বছর সময় লাগে।
ইতোমধ্যেই স্প্যান বসানোর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল সকালে, মাওয়ার কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান রওনা দেবে।
এ পর্যন্ত জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৮টি স্প্যান স্থায়ীভাবে বসানো হয়েছে। এর ফলে, জাজিরা প্রান্তে সেতুর ১২০০ মিটার দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতুতে মোট ৪২টি পিলারে সর্বমোট ৪১ টি স্প্যান বসবে।
