
ফাতেহ ডেস্ক
পরীক্ষা ভালো হয়নি বলে ইয়াছিন আলী নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে সে একটি ‘সুইসাইড নোট’ রেখে যায়। ঘটনাটি ঘটেছে যশোরের চৌগাছা উপজেলায়। উপজেলার চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলো ছেলেটি।
ইয়াছিন আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বলিভাদ্রপুর গ্রামের নূরুজ্জামানের পুত্র। সে চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে নানা সিরাজুল ইসলামের বাড়িতে থেকে লেখাপড়া করতো।
নিহতের মামা জাহিদ হাসান বলেন, সোমবার হিসাব বিজ্ঞান পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে ইয়াছিন। পরে গভীর রাতে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে পড়ার টেবিলে একটি চিরকুট রেখে যায়। তাতে লেখা ছিল ‘আমি চলে যাচ্ছি কারণ আমার পরীক্ষা ভালো হয়নি, বাই’। তার কাছে কে কত টাকা পাবে তার একটি তালিকা ‘সুইসাইড নোটে’ লেখা আছে।
চৌগাছা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
