পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করলো বাংলাদেশ

ফাতেহ ডেস্ক

ইসলামাবাদে বাংলাদেশি এক কর্মকর্তার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সৃষ্ট জটিলতার প্রেক্ষাপটে পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন গত ১৩ মে থেকে ভিসা দেওয়া বন্ধ করেছে বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্র বলছে, ইসলামাবাদে দায়িত্ব পালন শেষে দেশে ফিরতে জানুয়ারির শুরুতে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন প্রেস কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। চার মাসেও বিষয়টির সুরাহা না হওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, রুশ বার্তা সংস্থা স্পুটনিক সোমবার এক প্রতিবেদনে বলেছে, কূটনৈতিক অচলাবস্থার জেরে পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা বন্ধ করেছে বাংলাদেশ।

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভিসা নিয়ে এক অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে ইকবাল হোসেন গত ১৩ মে হাইকমিশনার তারিক হাসানকে জানিয়ে দেন যে, তার পক্ষে ভারপ্রাপ্ত ভিসা কাউন্সিলরের দায়িত্ব পালন করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে অনানুষ্ঠানিকভাবে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন ১৩ মে থেকে পাকিস্তানের নাগরিকদের জন্য কোনো ভিসা দিচ্ছে না।

তবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইসলামাবাদে বাংলাদেশের প্রেস কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়টি সুরাহার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের নাক গলানো কেন্দ্র করে ২০১৩ সাল থেকে ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তার পর থেকেই দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না।

আগের সংবাদআ. লীগ অফিসে ঢুকে যুবলীগকর্মীকে ছুরি মেরে হত্যা
পরবর্তি সংবাদমসজিদুল হারামের প্রথম ছবি নিলামে ওঠলো লন্ডনে