আ. লীগ অফিসে ঢুকে যুবলীগকর্মীকে ছুরি মেরে হত্যা

ফাতেহ ডেস্ক

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ঢুকে এক যুবলীগকর্মীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। সোমবার রাতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত রতন আকন্দ (৩৩) রামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েতুর রহমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম লিপু বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের সঙ্গে নিহত ইউনিয়ন যুবলীগের সদস্য রতনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তিনি কাটাখালি গ্রামের ইদ্রিস আকন্দের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রতন সোমবার সন্ধ্যায় রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে ইফতার করতে যান। ইফতারের পর সেখানে যান ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলু। এ সময় তার সঙ্গে ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী ছিলেন। এরপর হঠাৎ করেই চিৎকার শোনা যায় এবং সবাই ছুটাছুটি করে অফিস কক্ষ ত্যাগ করলে রতনকে সেখানে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রতনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রতনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) এনায়েতুর রহমান বলেন, ঘটনার ধরণ দেখে মনে হচ্ছে, এ হত্যাকাণ্ড রাজনৈতিক নয়, পূর্ব বিরোধের জেরে হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

আগের সংবাদট্রাম্পের হুমকি প্রতিরোধের ঘোষণা রুহানির
পরবর্তি সংবাদপাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করলো বাংলাদেশ