আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ভেতর চুলা জ্বালিয়ে রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে। এবং ৩০ জনের বেশি মানুষ আহত বা দগ্ধ হয়েছে।
পাঞ্জাব প্রদেশের দক্ষিণাঞ্চলীয় রহিম ইয়ার খান শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে তেজগাম এক্সপ্রেসের তিনটি বগি পুড়ে গেছে। খবর রেডিও পাকিস্তান।
রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জিও টিভিকে জানিয়েছেন, ট্রেনের মধ্যে রান্নার সময় দুটি চুলায় বিস্ফোরণ হয়েছে। তা থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েই অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে।
জেলার উদ্ধার অভিযানের প্রধান বাকির হুসেইন আশঙ্কা প্রকাশ করে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
উল্লেখ্য, এর আগে গত জুলাইয়ে আরও একটি দুর্ঘটনায় ১১ জন এবং গত সেপ্টেম্বরে অপর একটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। এছাড়া ২০০৫ সালে সিন্ধু প্রদেশের একটি স্টেশনে দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১৩০ জনের মৃত্যু হয়।
