
ফাতেহ ডেস্ক
পীযূষ বন্দ্যোপাধ্যায়ের ‘সম্প্রীতি বাংলাদেশ’ তাদের নামে প্রচারিত ইসলামবিদ্বেষী বিজ্ঞাপনের কথা অস্বীকার করেছে। জাতীয় দৈনিকে পাল্টা বিজ্ঞাপন এবং সাংবাদিক সম্মেলন করে তারা এই বিজ্ঞাপনের দায় অস্বীকার করে বলেছে, এর সাথে তাদের কোনো রকমের সংশ্লিষ্টতা নেই।
বাংলাদেশের ধর্মীয় ঘরানা ও ইসলামি সংগঠনগুলোর চাপের মুখে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে।
এই ইস্যুতে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের তওহিদি জনতার চাপের মুখে এই পদক্ষেপ এসেছে।
আরও পড়ুন : পীযূষকে গ্রেপ্তারের দাবিতে ইসলামী ঐক্যজোটের কর্মসূচি ঘোষণা
তিনি বলেন, সম্প্রীতি বাংলাদেশের আগের বিজ্ঞাপনটি ছিল ইসলামবিদ্বেষে পরিপূর্ণ। এর প্রেক্ষিতে আল্লামা মাহমুদুল হাসান-সহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং নানা পর্যায়ে থাকা ইসলামি শক্তিগুলো প্রতিবাদ করেছে। এই মিলিত শক্তির চাপেই এমন অর্জন সম্ভব হয়েছে।
মুফতী ফয়জুল্লাহ বলেন, ‘আমরা প্রতিবাদের পাশাপাশি প্রশাসনিক ও নাগরিক সমাজের নানান পর্যায়ে চাপ সৃষ্টির চেষ্টা চালিয়েছি। নানামুখী আলোচনার পরিপ্রেক্ষিতে এই অগ্রগতি হয়েছে। ফলে ইসলামী ঐক্যজোট আগামীকালের বিক্ষোভ মিছিল স্থগিত ঘোষণা করছে।’
পীযূষের সম্প্রীতি বাংলাদেশ দায় অস্বীকার করলেও নিশ্চয় অন্য কেউ এই কাজ করেছে। কারা করেছে, সে ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ আছে কিনা জানতে চাইলে মুফতি ফয়জুল্লাহ জানান, তারা সময় নিতে চান। তিনি আশা করেন, অব্যাহত চাপের মুখে প্রকৃত দোষী বের হয়ে আসবে।
আরও পড়ুন : সম্প্রীতি বাংলাদেশ : জঙ্গিবাদ-বিরোধিতা কি ইসলাম-বিদ্বেষে পরিণত হচ্ছে?
