পুলিশের বাধার মুখে পন্ড ইসলামী আন্দোলনের গণমিছিল

ফাতেহ ডেস্ক

সকল প্রস্তুতি সম্পন্ন করার পরও পুলিশের বাধার মুখে পন্ড হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ভারতীয় দূতাবাসের দিকে মিছিল নিয়ে সামনে এগুতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ূম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর জাতীয় বায়তুল মুকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুফতি রেজাউল করিমের সভাপতিত্বে ভারতে অব্যাহত মুসলিম নির্যাতনের প্রতিবাদে সমাবেশ করে দলটি। সকাল ১০ টায় শুরু হওয়া কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে ভারতীয় দূতাবাস অভিমুখে বের হওয়া মিছিলটি পল্টন মোড়ে পুলিশি বাধায় থেমে যায়।

দলের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম, প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী পুলিশের সাথে কথা বললেও কঠোর অবস্থানে থাকে পুলিশ। গণমিছিলের অনুমতি না দিয়ে বরং তাদের ফিরে যেতে বলেন তারা।

আহমদ আব্দুল কাইয়ূম বলেন, গণমিছিলের পাশাপাশি স্বারকলিপি প্রদানের কর্মসূচিও ছিল ইসলামী আন্দোলনের। গলমিছিলটি পুলিশি বাধার মুখে পড়লে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে স্বারকলিপি প্রদান করতে যান। ভারতীয় দূতাবাসের সিনিয়র কর্মকর্তাদের নির্লিপ্ত আচরণে প্রতিনিধি দলের সদস্যরা ক্ষুব্ধ হন এবং স্বারকলিপি প্রদান না করে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে ভারতীয় দূতাবাসের লিয়াজো অফিসার সিদ্দিকুর রহমান এসে স্বারকলিপি গ্রহণ করেন।

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম পুলিশি বাধার কঠোর নিন্দা জানান এবং সরকারকে ভারতের পদলেহন করছে অভিযোগ করে গণমিছিল কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

আরএইচ/

আগের সংবাদডেঙ্গু পরীক্ষায় ভুল রিপোর্টের অভিযোগে ইবনে সিনার বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদইসলাম কারো প্রতি জুলুম করার কথা বলে না : ইমরান খান