
আন্তর্জাতিক ডেস্ক
সংখ্যালঘুদের লক্ষ্য করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইসলামের ইতিহাসে কোথাও ধর্মান্তকরণে বাধ্য করার কথা বলা হয়নি। যারা এই কাজ করছে, তারা ইসলামের ইতিহাস জানে না, নিজেদের ধর্ম সম্পর্কে জানে না। তারা কোরআনও বুঝে না। আমরা রাসূল সা.-এর দেখানো পথ অনুসরণ করে সংখ্যালঘুদের উপসনালয়গুলো সংরক্ষণ করব।
সোমবার ইসলামাবাদে সংখ্যালঘু দিবসের একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে ইমরান খান এসব কথা বলেন। খবর ডন উর্দূর।
সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করে পাক প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শুধুই আল্লাহর বাণী সবার কাছে পৌঁছে দেয়ার কথা বলে। কারো প্রতি জুলুম করার কথা বলে না। সুতরাং কারো ওপর জুলুম করা বা মত চাপিয়ে দেয়া ইসলামবিরোধী কাজ। তাই আইনের পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে পাকিস্তানে সংখ্যালঘুদের সব অধিকার নিশ্চিত করা হবে। তাছাড়া সংখ্যালঘুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে।
