প্রচলিত ব্যাংকের ইসলামি উইন্ডো ও শাখায় আমানত বেড়েছে দ্বিগুণ

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর চেয়েও ভালো ব্যবসা করছে কনভেনশনাল (প্রচলিত) ব্যাংকের ইসলামি উইন্ডো ও শাখাগুলো। এসব উইন্ডো ও শাখায় অন্য ব্যাংকের তুলনায় আমানত সংগ্রহের হার বেড়েছে দ্বিগুণেরও বেশি। কর্মকর্তাও বেড়েছে অন্য ব্যাংকের দ্বিগুণের চেয়ে বেশি।

গত বছরের জুন পর্যন্ত কনভেনশনাল ব্যাংকের ইসলামি উইন্ডোর সংখ্যা ছিল ১৫৫টি। আগের বছরের একই সময়ে এই ব্যাংকগুলোর উইন্ডোর সংখ্যা ছিল মাত্র ৪১টি। একইভাবে গত বছরের জুন পর্যন্ত কনভেনশনাল ব্যাংকের ইসলামি উইন্ডোগুলোতে কর্মকর্তা-কর্মচারী ছিল ৪৭৩ জন। আগের বছরের একই সময়ে ছিল ১৯৯ জন।

গত বছরের জুন পর্যন্ত যেখানে ইসলামি ধারার ব্যাংকের ১৪ শতাংশ হারে আমানত বেড়েছে, সেখানে কনভেনশনাল ব্যাংকের ইসলামি শাখাগুলোতে আমানত বেড়েছে ২৬ দশমকি ১৭ শতাংশ। গত বছরের জুন পর্যন্ত পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ১৪ দশমিক ৩৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, ইসলামি ব্যাংকিং করছে এমন ব্যাংকগুলোর মোট আমানতের পরিমাণ ২ লাখ ৯১ হাজার ১৩০ কোটি টাকা। এক বছর আগে ছিল ২ লাখ ৫৩ হাজার ৫৮ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ইসলামি ব্যাংকিংয়ে আমানত বেড়েছে ১৫ শতাংশ। অবশ্য জুন পর্যন্ত দেশের পুরো ব্যাংক খাতে মোট আমানতের স্থিতি ছিল ১১ লাখ ৮০ হাজার ৯৯৯ কোটি টাকা।

যেসব কনভেনশনাল ব্যাংকের ইসলামি শাখা রয়েছে- সিটি ব্যাংক, এবি ব্যাংক, ঢাকা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক আল-ফালাহ ও এইচএসবিসি।

এর বাইরে ইসলামি উইন্ডো রয়েছে এমন ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, স্ট্যান্ডার্ড চার্টার্ড, মিডল্যান্ড, এনআরবি গ্লোবাল, এনআরবিসি, মার্কেন্টাইল ব্যাংক।

দেশের এখন পর্যন্ত ৮টি পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক হলো—ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামি ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম), সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড। গত বছরের জুন পর্যন্ত দেশে পুরোদমে ইসলামি ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে ৮টি ব্যাংক। এ ছাড়া ৯টি প্রচলিত ব্যাংকের ১৯টি শাখা এবং ১২টি প্রচলিত ব্যাংকের ১৫৫ উইন্ডোর মাধ্যমে ইসলামি ব্যাংকিং কার্যক্রম চলছে।

আগের সংবাদইথিওপিয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে হত্যা করল সেনারা
পরবর্তি সংবাদ‘শুধু মনোনয়ন নয়, বিদ্রোহীরা পদও পাবেন না’