
আন্তর্জাতিক ডেস্ক
গত মাসে ইহুদি সংখ্যাগরিষ্ঠ আফুলা শহরের কর্তৃপক্ষ ২৫ একরের একটি পার্ক আরবদের জন্য নিষিদ্ধ ঘোষণা করার পর, সেই নিষেধাজ্ঞা আবার উঠিয়ে নিয়েছে ইসরাইলের একটি আদালত। রোববার ইহুদি সংখ্যাগরিষ্ঠ আফুলা শহরের আদালতে এই রায় দেয়া হয়। খবর বার্তা সংস্থা রয়টার্স।
ওই নিষেধাজ্ঞা চালু হওয়ার পর একটি আরব মানবাধিকার সংস্থা এটিকে চ্যালেঞ্জ জানিয়ে নাজারেথ ডিস্ট্রিক্ট আদালতে মামলা করে। তাদের পক্ষের আইনজীবী ফ্যাডি খৌরি বলেন, এই নিষেধাজ্ঞার ফলে ফিলিস্তিনি নাগরিকরা এই পার্কে প্রবেশ থেকে বঞ্চিত হয়েছিল। নগর কর্তৃপক্ষের আইনজীবী আভি গোল্ডহ্যামার বলেন, আমরা এই আইনের বিরোধিতা করছি বা সমর্থন করছি তা না। আদালত যদি সবাইকে প্রবেশের অনুমতি দেয় আমাদের কোনো সমস্যা নেই।
রোববারের রায়ে বিচারক ড্যানি সারফাতি বলেন, নগরের সকল পার্ক জনগণের সমপদ। তাই এটি সকলের জন্যই উন্মুক্ত থাকা উচিত। আফুলা শহরটি ইহুদি প্রধান হলেও এর আশেপাশের গ্রামগুলোতে আরবরা বাস করে। তাই তারা জনপ্রিয় এসব পার্কে বেড়াতে আসে প্রায়ই।
