হজের সার্বিক তত্ত্বাবধানে সৌদি যাচ্ছেন সিইসি কেএম নূরুল হুদাসহ ১০ সদস্যের প্রতিনিধি দল

ফাতেহ ডেস্ক

ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে হজ ব্যবস্থাপনার কাজ সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ সৌদি আরব যাচ্ছে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা প্রত্যেকে ভ্রমণ সঙ্গী হিসেবে স্বামী/স্ত্রী ও সন্তানসহ সর্বোচ্চ তিনজনকে সঙ্গে নিতে পারবেন। সফরসঙ্গীদের বিমানের টিকিট নিজ উদ্যোগে গ্রহণ করতে হবে এবং মক্কা মদিনার আবাসন, যাতায়াত, মিনা–আরাফাহ তাঁবু ভাড়ার ব্যয় বাবদ জনপ্রতি এক লাখ টাকা যাত্রার আগে পরিশোধ করতে হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ৪ আগস্ট এই হজ প্রতিনিধি দলটির ঢাকা ছাড়ার কথা রয়েছে। সর্বোচ্চ ১৫ দিন এই দলটি সৌদি আরবে অবস্থান করবে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে অন্যদের মধ্যে এই দলে আছেন— বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী, সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ও রত্না আহমেদ, ধর্ম সচিব মো. আনিছুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহিচালক–৩ মো. আজিজুর রহমান।

আগের সংবাদফিলিস্তিনিদের পার্কে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিলো আদালত
পরবর্তি সংবাদভারতে মুসলিমদের ওপর নিপীড়নের তীব্র সমালোচনা করেছে যুক্তরাজ্য