আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য টাম্পায় একটি হাই স্কুলের নিচে কবরস্থানের সন্ধান পাওয়া গেছে। ওই কবরস্থানে রয়েছে ১৪৫ জন মানুষের কবর।
স্কুলের নিচে রিজউড কবরস্থান থাকতে পারে এমন সতর্কবার্তা পেয়ে রাডার ব্যবহার করে তল্লাশি চালায় স্কুল কর্তৃপক্ষ। এতে মাটির ৩ থেকে ৫ ফুট নিচে ১৪৫টি কফিনের সন্ধান পাওয়া যায়। তবে ওই কবরস্থানে আড়াইশোরও বেশি মানুষকে সমাহিত করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। তাদের বেশিরভাগই আফ্রিকান-আমেরিকান। তাদের মধ্যে অন্তত ৭৭ জন শিশু ছিলো।
নথি থেকে জানা যায়, ১৯৪২ সালে চালু হওয়া এই কবরস্থানটি ১৯৫৭ সালে একটি প্রাইভেট কোম্পানি কিনে নিয়েছিল। এর তিন বছর পর জেলা স্কুল কর্তৃপক্ষ সেখানে একটি স্কুল গড়ে তোলে। বর্তমানে কবরস্থানের জায়গাটিতে খোলা মাঠ ও স্কুলের কৃষি ভবন রয়েছে।
সমাহিত ব্যক্তিদের প্রতি সম্মান দেখাতে কবরস্থান থেকে ভবন সরিয়ে ফেলার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
