বরিশালে বেসরকারি ফলে বিজয়ী আ.লীগের সাদিক আবদুল্লাহ্,

ফাতেহ ডেস্ক: বরিশালে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ১২৩টি কেন্দ্রের মধ্যে ১০৭ কেন্দ্রের ফলে তিনি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মজিবর রহমান সরওয়ার পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৯৪ হাজার ২১৮, আর স্থগিত ১৬টিতে ভোটার সংখ্যা ৩২ হাজার ৮শ আশি। এর আগে জালভোট, কেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগে ভোট বর্জন করেন সরওয়ারসহ ৪ মেয়র প্রার্থী।

দিনের শুরু থেকেই থমথমে বরিশাল শহর। ভোট শুরু পর সাধারণের সঙ্গে কেন্দ্রে আসেন মেয়র প্রার্থীরা।

আর এর মধ্যেই বিভিন্ন কেন্দ্রে ঘটে অনিয়ম-সংর্ঘষের ঘটনা। জাল ভোটকে কেন্দ্র করে উদয়ন স্কুলের বাইরে সংঘর্ষে জড়ান দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা। এতে আহত ১০, আটক হন দুজন।

তবে এর মধ্যেও চলেছে ভোটগ্রহণ।

পরে কাশীপুর স্কুল কেন্দ্রে উঠে জাল ভোট দেয়ার অভিযোগ। ভোট শুরুর চার ঘণ্টার মাথায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি প্রার্থী মজিবর রহমান সরওয়ার।

অনিয়মের অভিযোগে ভোট থেকে সরে দাঁড়ান ইসলামী আন্দোলনের ওবাইদুর রহমান। অক্সফোর্ড মিলন হাইস্কুল কেন্দ্রে নাজেহালের অভিযোগে ভোট বর্জন করেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী। একই সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস।

তাদের নির্বাচন স্থগিতের লিখিত আবেদনে সাড়া দেননি রির্টানিং কর্মকর্তা। তবে শেষ পর্যন্ত ইসির পক্ষ থেকে ১৬টি কেন্দ্রে ভোট স্থগিতের কথা জানানো হয়।

এদিকে ভোটে অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

২০০২ সালে বরিশাল সিটি করপোরেশনের যাত্রা শুরুর পর প্রথম নির্বাচিত মেয়র হন মজিবুর রহমান সরওয়ার। ১৬ বছর পর তাকে হারিয়ে মেয়র হচ্ছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

আগের সংবাদপ্রতিদিন কুরআন পড়বেন যে ৬ কারণে
পরবর্তি সংবাদফলাফল যা-ই হোক, সন্ত্রাসী ভোট প্রত্যাখ্যান করলাম, বললেন সিলেটের বিএনপি পার্থী