
ফাতেহ ডেস্ক :
ভারতের সংসদে বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসাবে উল্লেখ করায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বুধবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘ভারতের নাগরিকত্ব সংশোধন আইন ২০১৯ ও নাগরিকপঞ্জি ভারতের একান্ত নিজস্ব অভ্যন্তরীণ বিষয় হলেও তাতে অযাচিত ও অযৌক্তিকভাবে পাকিস্তান ও আফগানিস্তানের কাতারে রেখে বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসাবে উল্লেখ করা, ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে বাংলাদেশ থেকে অমুসলিম নাগরিকদের ভারতে যাওয়ার বিষয় উল্লেখ করা , আসামে নাগরিকপঞ্জিতে আসামের অধিবাসী ভারতীয় কয়েক লক্ষ নাগরিককে বাংলাদেশের নাগরিক হিসাবে চিহ্নিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
জাসদ নেতাদের বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ আশা করে, ভারত সরকার ও কর্তৃপক্ষ ভারতের কোনো নাগরিক বা ভারতের কোনো অধিবাসীকে বাংলাদেশের নাগরিক হিসাবে চিহ্নিত করে তাদের বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়া বা পুশ-ইন করার পদক্ষেপ গ্রহণ করবেন না।’
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জাতিগত, সাংস্কৃতিক, ভাষাগত ও ধর্মীয় কারণে বৈষম্য সৃষ্টি হলে, তা খুব সহজেই সেই দেশের সীমান্ত অতিক্রম প্রতিবেশী দেশে অভিঘাত সৃষ্টি করতে পারে। তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার, কর্তৃপক্ষ, রাজনৈতিক দলসমূহের জাতিগত, সাংস্কৃতিক, ভাষাগত ও ধর্মীয় বিষয়ে এমন কোনো রাজনৈতিক অবস্থান ও পদক্ষেপ গ্রহণ করা উচিৎ হবে না বলেও মন্তব্য করেন জাসদ নেতারা।
