ফাতেহ ডেস্কঃ
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ১২ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় জেলেদের কাছ থেকে এফবি সুদ্বীপ নামে একটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) সদস্যরা অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তাদের আটক করে।
কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী ট্রলারটি দ্রুতগতিতে ভারতীয় জলসীমায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ অবস্থায় কোস্ট গার্ডের জাহাজ পিছু ধাওয়া করে বাংলাদেশের জলসীমায় ট্রলারটিকে ধরে ফেলে। ট্রলারে থাকা ১২ জেলেকেও আটক করা হয়েছে। ভারতীয় জেলেদের শুক্রবার বিকালে মোংলা থানায় হস্তান্তর করা হয়।
মংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ খবর নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকালে কোস্টগার্ডের সদস্যদের হস্তান্তরিত ট্রলারসহ ১২ জন অনুপ্রবেশকারী ভারতীয়কে থানা হাজতে রাখা হয়েছে। পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে।
