
ফাতেহ ডেস্ক
দেশে ইসলাম সুরক্ষায় একমাত্র হাতিয়ার হচ্ছেন ‘শেখ হাসিনা’ এমনটা উল্লেখ করে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী ধর্ম নিয়ে কখনো রাজনীতি করেননি। মঙ্গলবার দিনাজপুরের বোঁচাগঞ্জে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, অনেকেই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে দেশে রাজনীতি করছেন। কিন্তু শেখ হাসিনা কখনোই এমনটি করেননি। বর্তমান দেশে ইসলাম সুরক্ষায় তিনিই একমাত্র হাতিয়ার। আর তা দেরিতে হলেও হেফাজত ইসলামীর নেতা আল্লামা শফী সাহেব বুঝতে পেরেছেন।
সরকারের প্রশংসা করে তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছিল। এখন নিজেরাই রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়ে বিশ্বের মধ্যে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে।
এদিন বোঁচাগঞ্জে হাটরামপুর ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্ট নবনির্মিত ভবন, ১২টি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন এবং ৭টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক উদ্বোধন করেন খালিদ মাহমুদ চৌধুরী।
সমাবেশে আরো বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী এএসএম সাহিরুল ইসলাম, বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ, কলেজ গভর্নিং বডির সভাপতি মো. রবিউল ইসলাম চৌধুরী প্রমুখ।
-এও
