
ইমরান চৌধুরী
দিনাজপুরের মধ্যপাড়ার কঠিন শিলার খনিতে স্বর্ণ, একই জেলার দীঘিপাড়া কয়লাখনি ও নওগাঁর পত্নীতলায় চীনামাটির খনিতে রৌপ্যের মজুদ থাকার নিদর্শন মিলেছে। যদিও সরকারীভাবে এসব প্রাপ্তি স্বীকারে এখনও ধীরে চল নীতি অবলম্বন করা হচ্ছে কৌশলগত কারণেই। ফুলবাড়ীতে যে আদিকালে স্বর্ণখনি ছিল, তা স্বয়ং কৌটিল্যের অর্থশাস্ত্র দ্বারা সমর্থিত। শুনেছি, তিস্তা অববাহিকায় স্বর্ণের মজুদ থাকার সম্ভাবনাও রয়েছে। যদিও এসব স্থানে এখনও জরীপ চালানো হয়নি।
সম্প্রতি নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ৫০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে পাওয়া গেছে চুনাপাথরের বিশাল মজুদ। একই উপজেলায় গত ফেব্রুয়ারীতে মিলেছে কয়লার নতুন এক মজুদ। দিনাজপুরে হাকিমপুরে একই সাথে আকরিক লোহা ও চুনাপাথরের মজুদ পেয়েছে জিএসবি। এগুলো উত্তরবঙ্গের জন্য আশীর্বাদ হোক। বিশেষত চুনাপাথরের খনিকে কেন্দ্র করে কয়েক বছরের মধ্যেই উত্তরবঙ্গে সমৃদ্ধ সিমেন্ট নির্মাণ শিল্প গড়ে উঠতে পারে।
বাংলাদেশের প্রতি আল্লাহর রহমত আছে। আয়তনে ছোট হলেও বাংলা এমন একটি ভূখণ্ড, ভূতাত্ত্বিক বাস্তবতার দরুন যার উজানে কয়লা, লোহা, কঠিন শিলার মতো খনিজ যেমন মিলে, তেমনি ভাটির দিকে মিলে গ্যাস, তেল। এই প্রবণতার ব্যত্যয় দেখা যায় পাবনার সাঁথিয়ার মোবারকপুরে প্রাপ্ত গ্যাস ও পঞ্চগড়ের তেতুলিয়ার শালবাহানে প্রাপ্ত তেলের ক্ষেত্রে। এছাড়াও উজান-ভাটি উভয় অংশেই পাওয়া গেছে ইউরেনিয়াম ও তীব্র তেজস্ক্রিয়তা সম্পন্ন খনিজ বালি। ময়মনসিংহ ও শেরপুরের গারো পাহাড়ি এলাকাও খনিজে সমৃদ্ধ। গারো পাহাড়ে সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম প্রাপ্তির বিষয়টি আজো লোকচক্ষুর আড়ালে। ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামেও বিপুল পরিমাণে তেল ও গ্যাস পাবার সম্ভাবনা আছে, যদি সেখানে বাংলাদেশ নিজের জন্য অনুকূল পরিস্থিতি সংহত করতে পারে।
এসব তো কেবল ভূখণ্ডের হিসাব। সাগরে কি আছে, তা কেউ জানেনা। নিজস্ব এলাকায় প্রতিবেশীদের জরীপ, বিভিন্ন বিদেশী সংস্থার প্রাক্কলন, আর সত্তুরের দশকে সোভিয়েত নৌবাহিনীর করা জরীপ অনুযায়ী বঙ্গোপসাগরে তেল ও গ্যাসের উল্লেখযোগ্য পরিমাণ মজুদ আছে…।
