
আরজু আহমদ
গতমাসে হয়ে যাওয়া মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে যিনি সিসির পর সর্বোচ্চ ভোট পেয়েছেন, যা সংখ্যায় ১০ লাখের বেশি, তিনি একজন ফুটবলার মাত্র। এমনকি তিনি নির্বাচনে প্রার্থীও হন নি।
জীবনেও রাজনীতি নিয়ে না আগ্রহ দেখিয়েছেন, না চরম জুলুমের কালেও একটা শব্দ উচ্চারণ করেছেন। এরপরও ১০ লাখের বেশি ভোট পেয়েছেন। তামাম পৃথিবীতে এই ঘটনা বিরলতম।
দেশটির নির্বাচন বিভাগ ভোটগুলো বাতিল করেছে, যা সংখ্যায় ১৭ লাখের বেশি। এই নির্বাচনও প্রহসনের ছিল। বিরোধী জোটের বর্জনের মুখে হাস্যকর নির্বাচনের আরও বড়ো হাস্যকর ঘটনা এটি।
মুসলিম বিশ্বের বিশেষত তরুণদের বুঝতে এই ঘটনা একটা ভালো উদাহরণ। রাজনীতি, রাষ্ট্র এসব তাদের কাছে কতটা অপ্রিয় আর অনাগ্রহ এবং ছেলেখেলার হয়ে উঠেছে এটা দেখেই তা আন্দাজ করা যায়।
ভাবতে পারেন, সিসির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এটা তারা করেছে। কিন্তু প্রতিবাদে নির্বাচন থেকে সরাতে যাদের গ্রেপ্তার করা হয়েছে, যেমন সামি আনান, আহমেদ শফিক।
কিম্বা মাজলুম নেতা মুরসির নাম ব্যবহৃত না হয়ে কেন একজন হ্যাফপ্যান্ট পরুয়ার নাম উঠে এলো এটা বুঝলে এই উম্মাহর চলমান সমস্যার অনেকখানিই বুঝা হয়ে যাবে।
মিসরের সাথে কি বাঙলাদেশের পরিস্থিতির আদৌ ফারাক আছে? আমাদেরও তো একটা ‘আই হেইট পলিটিক্স’ গড়ে তোলা হয়েছে নিপুণ চেষ্টা তদবিরে।
এই যে উম্মাহর তরুণদের উন্নাসিকতা, তাদের যা করা উচিত ছিল সে থেকে দূরে গিয়ে জীবনের লক্ষ্য হিসেবে কেবল, নারী, বাড়ি, গাড়ি পর্যন্ত সীমাবদ্ধ করে দেওয়া।
ইসলাম থেকে দূরে যাওয়া, দুনিয়াতে ইনসাফ কায়েমের ভাবনা থেকে সরে যাওয়া পতনের অন্যতম কারণ তো এসবই। যদি শীঘ্র কিয়ামত না হয়ে যায়।
যদি উম্মাহর অবস্থা বদলায়, তবে ইতিহাস একদিন এই দুঃসহ পতনের সময়কাল আমাদের এসব চরিত্রের দ্বারাই বিচার করবে। আমাদের যত অকল্যাণ, তার সবই এই চারিত্রিক পতনের জন্যই।
