বাকি জীবন আলেম ওলামাদের সম্মান ও ইসলামের খেদমত করে যেতে চাই : ধর্ম প্রতিমন্ত্রী

বাকি জীবন আলেম ওলামাদের সম্মান ও ইসলামের খেদমত করে যেতে চাই : ধর্ম প্রতিমন্ত্রী

ফাতেহ ডেস্ক :

অসম্মানের তো প্রশ্নই উঠে না, বরং বাকি জীবন আলেম ওলামাদের সম্মান ও ইসলামের খেদমত করে যেতে চান বলে আশা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, মানুষমাত্রই ভুল হয়। আমার ভুল হয়ে থাকলে এবং কেউ কষ্ট পেলে গভীরভাবে দুঃখ প্রকাশ ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।

গত মঙ্গলবার বাদ মাগরিব মহাখালীস্থ মসজিদে গাউছুল আযম ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কমপ্লেক্স মিলনায়তনে জমিয়াত নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের সাথে এক মতবিনিময় সভায় ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মতবিনিময় সভার মাধ্যমে মনে হয়, আমি যেন সারাদেশের বিপুল সংখ্যক আলেমদের সাথে কথা বলছি। ছোটবেলা থেকে আলেম সমাজ ও ধর্মীয় মুরুব্বীদের সম্মান করা আমার অভ্যাস। জীবনভর রাজনীতি করার পাশাপাশি আমি বড়দের সাথে শ্রদ্ধার সম্পর্ক বজায় রেখেছি। ধর্ম প্রতিমন্ত্রী হওয়ার পর আন্তরিক নিষ্ঠা ও সততার প্রমাণ দিয়েছি। আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ।

শেখ মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত আলেমদের উদ্দেশ্যে বলেন, সামনে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। আল্লাহর সন্তুষ্টি লাভ ও পরকালের সম্বল সংগ্রহ করার জন্য বাকি জীবন কাজ করতে চাই। গত মাসখানেক আগে আমার দেয়া একটি বক্তব্যে রং লাগিয়ে একটি মহল প্রচার করেছে। অন্য জায়গার কথা এনে আরেক প্রোগ্রামের ছবিতে কৌশলে জুড়ে দিয়েছে। এখন তথ্য প্রযুক্তির অপব্যবহারে দিনকে রাত করা যায়। এরপরও আমার নিজের বক্তব্যেও ভাষা ও শব্দ প্রয়োগে অনিচ্ছাকৃত কিংবা অসাবধানতাবশত যে কোনো ত্রুটির ফলে কেউ যদি আঘাত পেয়ে থাকেন তাহলে ক্ষমা চাইতে আমার কোনো দ্বিধা নেই। আমি মন থেকে খারাপ উদ্দেশ্যে কিছু বলা বা কারো প্রতি বিদ্বেষ পোষণ করার লোক নই। দেশের সকল আলেম সমাজ ও সরকারের মধ্যে দূরত্ব কমিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আগের সংবাদকালাপানি এলাকা থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করতে হবে : নেপালের প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদমুসলিম ছাড়া অন্য সব ধর্মের মানুষকে ভারতে নাগরিকত্ব দেয়ার ঘোষণা অমিত শাহের