মুসলিম ছাড়া অন্য সব ধর্মের মানুষকে ভারতে নাগরিকত্ব দেয়ার ঘোষণা অমিত শাহের

মুসলিম ছাড়া অন্য সব ধর্মের মানুষকে ভারতে নাগরিকত্ব দেয়ার ঘোষণা অমিত শাহর

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ বলেছেন, ‘আসামের মতোই নাগরিক তালিকা বা জাতীয় নাগরিক পঞ্জিকা (এসআরসি) সারা ভারতেই করা হবে। এ জন্য কোনো ধর্মের কারোরই উদ্বিগ্ন হওয়া উচিত নয়। এছাড়া হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ এবং খ্রিস্টান শরণার্থীদের আশ্বস্ত করতে চাই যে, সরকার আপনাকে ভারত ছাড়তে বাধ্য করবে না।’

বুধবার ভারতের রাজ্যসভার অধিবেশনে এসব কথা বলেছেন তিনি। তবে মুসলিম শরণার্থীদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি অমিত শাহ। খবর এনডিটিভির।

পর্যবেক্ষকদের মতে, অমিত শাহর এই কথার মধ্যে দিয়েই বুঝিয়ে দিতে চেয়েছেন, বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের মতো দেশগুলো থেকে আসা মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবেই গণ্য করবে সরকার।

নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে অমিত শাহ বলেন, ‘প্রতিবেশি দেশগুলোতে বৈষম্যের শিকার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং জৈনদের নাগরিকত্ব পাওয়া উচিত এ দেশে। সেই জন্যই নতুন নাগরিকত্ব বিল আনা প্রয়োজন।’

মুসলিমদের কথা বাদ দেয়ায় প্রশ্ন তোলেন এনসিপির এক মুসলিম সংসদ সদস্য । জবাবে অমিত শাহ বলেন, ‘আপনি এনআরসি আর নাগরিকত্ব বিলকে গুলিয়ে ফেলছেন। এনআরসির আওতায় সবাইকে আসতে হবে। এর সঙ্গে কোনও ধর্মকে নিশানা করার ব্যাপার নেই।’

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের নেতাজি ইন্ডোরের রাজ্য বিজেপির সভায় এসেও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিস্তারিত বলে গিয়েছিলেন অমিত শাহ। বিজেপি কর্মীদের উদ্দেশে বলেছিলেন, ‘ঘরে ঘরে গিয়ে বলুন, কোনও হিন্দুকে দেশ ছেড়ে যেতে হবে না। প্রত্যেককে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার অধিকার দেবে নরেন্দ্র মোদির সরকার।’ এদিন সংসদেও আরেকবার পরিস্কার করলেন, এনআরসি হবে সারা ভারতেই।

রাষ্ট্রহীন হিন্দুদের ভারতের নাগরিকত্ব দিতে পার্লামেন্টের এই অধিবেশনে নাগরিকত্ব সংশোধন বিল উঠানোর পরিকল্পনা করেছে বিজেপি। কার্যত আসামের নাগরিক তালিকা থেকে বাদ পড়া অমুসলিম শরণার্থীদের বৈধতা দিতেই এ সংশোধনী আনা হচ্ছে।

আগের সংবাদবাকি জীবন আলেম ওলামাদের সম্মান ও ইসলামের খেদমত করে যেতে চাই : ধর্ম প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদমার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিষয়ে মীমাংসা না হলে বিকল্প খুঁজবে তুরস্ক : এরদোগান