ফাতেহ ডেস্ক :
বাবরি মসজিদ মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। আজ রোববার আছরের পর বায়তুল মোকাররম উত্তর গেইটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির মহাসচিব এ কর্মসূচির ঘোষণা দেন।
মাওলানা মাহফুজুল হক বলেন, সুপ্রীমকোর্ট কর্তৃক বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মানের রায় ঘোষণা দিয়ে ভারত আবার প্রমাণ করলো, ভারত মুসলমানদের জন্য নিরাপদ আবাসস্থল নয়। এ রায়ের মধ্য দিয়ে গোটা ভারতে মুসলিম হিন্দুদের মধ্যে দাঙ্গা সৃষ্টির আশংকা উড়িয়ে দেয়া যায় না। হিন্দুরা এখন বেপরোয়াভাবে যেকোনো মসজিদকে তাদের মন্দিরের স্থল দাবি করতে পারে বলে আশংকা করছি।
তিনি আরও বলেন, মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দিয়ে মুসলমানদের সাথে তামাশা করা হয়েছে। ১৯৯৩ সালে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর নেতৃত্বে বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে ঐতিহাসিক লংমার্চ হয়েছিলো। প্রয়োজনে বাংলাদেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে আবারো তীব্র আন্দোলন গড়ে তুলে ভারত সরকারকে চাপ প্রদান করা হবে।
কর্মসূচি ঘোষণার সময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, নির্বাহী সদস্য মুফতি হাসান মুরাদাবাদী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন প্রমুখ।
