
আন্তর্জাতিক ডেস্ক:
দীপাবলিতে অযোধ্যার বিতর্কিত ভূমিতে বিশ্ব হিন্দু পরিষদের পাঁচ হাজার ১শ প্রদীপ জ্বালানোর সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। অন্যদিকে সোমবার থেকে শুরু হচ্ছে বাবরি মসজিদ মামলার শেষ পর্বের শুনানি। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক অনুজ ঝা। তবে দর্শনার্থীদের যেন সমস্যা না হয় সেদিকেও নজর রাখা হবে বলে জানানো হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি শুরু হওয়ার কথা। ১৮ নভেম্বর রায় ঘোষণা হতে পারে। এরই মধ্যে শনিবার বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, দীপাবলিতে বিতর্কিত ভূমিতে পাঁচ হাজার ১শ প্রদীপ জ্বালানোর দাবি নিয়ে ফৈজাবাদের বিভাগীয় কমিশনার মনোজ মিশ্রের সঙ্গে দেখা করবে তারা। কিন্তু মিশ্র জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে গিয়ে ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না।
