বাসে ছিনতাইকালে সাবেক সেনা সদস্য আটক

ফাতেহ ডেস্ক

টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গা বাসস্ট্যান্ডে সুপার ডিলেক্স এস বি পরিবহনের কুষ্টিয়াগামী একটি বাসে ডিবি পরিচয় দিয়ে ছিনতাই চেষ্টাকালে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করেছে পুলিশ।

এ সময় সেনা সদস্যর সাথে থাকা আরো ৫জন সঙ্গী পালিয়ে যায়। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনাটি ঘটে।

আটককৃত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশুলিয়ার ডেন্ডাবর পল্লিবিদ্যুৎ এলাকার খন্দকার নুরুল ইসলামের ছেলে আবু তালেব। তিনি ২০১৩ সালে রংপুর ক্যান্টনমেন্ট থেকে অবসরে আসেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সুপার ডিলেক্স এস বি পরিবহনের বাসটি আশুলিয়া এলাকায় পৌঁছালে দুটি মাইক্রবাস দিয়ে বাসটিকে থামিয়ে ডিবি পরিচয়ে ৫জন লোক ওই গাড়িতে উঠে পড়ে।

গাড়িতে উঠার পর চালক ও সুপারভাইজার তাদের পরিচয় জানতে চায়। তারা পরিচয় না দিয়ে তাদের মধ্যে থেকে ৪জন গাড়ি থেকে নেমে লাফিয়ে পালিয়ে যায়। গাড়ির চালক বুঝতে পেয়ে কৌশলে বাসটিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডে নিয়ে এসে বিষয়টি পুলিশকে জানায়।

এসময় পুলিশ আবু তালেব নামের অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করে কালিহাতি থানায় নিয়ে আসে। এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।

আগের সংবাদপ্লাস দিয়ে টেনে বাংলাদেশি যুবকের নখ উপড়ে ফেলে নির্মম নির্যাতন চালাল বিএসএফ
পরবর্তি সংবাদমাদক-জঙ্গিবাদ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর