
ফাতেহ ডেস্ক
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বুধবার বলেছেন, বিএনপির ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে হানিফ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপির অন্য এমপিদের শপথ গ্রহণ প্রমাণ করছে যে তাদের মধ্যে বিভক্তি স্পষ্ট। দলটির ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র।’
একাদশ জাতীয় সংসদের এমপি হিসেবে বিএনপির নির্বাচিত ছয় এমপির মধ্যে পাঁচজন শপথ নিয়েছেন। বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেয়ায় তার আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, কৌশলগত কারণে তিনি একাদশ জাতীয় সংসদের এমপি হিসেবে শপথ নেবেন না।
এ বিষয়ে হানিফ বলেন, ‘ফখরুল ইসলামের শপথ না নেয়া রাজনৈতিক অপকৌশল।’
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই শ্রমিকদের উন্নয়নে কাজ করছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করে দিয়েছে।
