
ফাতেহ ডেস্ক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় সিভিল এভিয়েশন কর্মকর্তাদের পর এবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলো নিহত পলাশ আহম্মেদের পরিবার। পলাশের বাড়ি গিয়ে তার বাবা-মাসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে চট্টগ্রাম পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করতে নারাজ তদন্তকারী কর্মকর্তা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়ার নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে দুধঘাটনা এলাকায় যান। এসময় তারা চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার সময় কমান্ডো অভিযানে নিহত পলাশের বাবা-মাসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেন।
প্রায় আড়াই ঘণ্টার জিজ্ঞাসাবাদে পলাশের বেড়ে ওঠা, স্কুল কলেজের তথ্য, কর্মজীবন, অতীত কর্মকাণ্ড, চিত্রনায়িকা শিমলাকে বিয়ে করাসহ নানা বিষয়ে তথ্য নেন পুলিশ কর্মকর্তারা।
পলাশের সাবেক স্ত্রী, চিত্রনায়িকা শিমলাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। আর পুলিশকে সাধ্যমত সব তথ্য দেয়ার চেষ্টার কথা জানান পলাশের পরিবারের সদস্যরা।
গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ময়ুরপঙ্খী বিমান ছিনতাইয়ের চেষ্টার সময় কমান্ডো অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পলাশ আহম্মেদ। ওই ঘটনায় এর আগে বিমানটির পাইলটসহ সিভিল এভিয়েশনের সাতজনকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা।
