
আন্তর্জাতিক ডেস্ক
বেইজিংয়ে চীনের কর্মকর্তারা তালেবানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন কাতারে নিযুক্ত তালেবানের মুখপাত্র সুহায়েল শাহীন। চলতি মাসের শুরুতে ট্রাম্প তালেবানের সঙ্গে আলোচনা বাতিলের ঘোষণার পর এই বৈঠক করলো চীন।
সুহায়েল শাহীন জানান, চীনা কর্মকর্তারা তালেবানের প্রতিনিধিদের সঙ্গে গত রবিবার দিন এই বৈঠক করেছেন। শাহীন তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, তালেবানের নয় সদস্যের একটি প্রতিনিধি দল বেইজিং সফরে গেছেন এবং চীনের আফগানিস্তান বিষয়ক বিশেষ কর্মকর্তা ড্যাং ঝিজুন তাদের সাথে দেখা করেছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাতিল হওয়া আলোচনার বিষয়ে তারা কথা বলেছেন। শাহীন বলেন, ‘চীনের বিশেষ প্রতিনিধি বলেছেন, যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তি আফগানিস্তান ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি ভালো কাঠামো এবং তারা এটিকে সমর্থন করে’। তবে এ দাবির পক্ষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত জুনেও তালেবানের একটি দল বেইজিং সফরে যায়। সেসময় তারা ১৮ বছরব্যাপী চলা এই যুদ্ধের অবসান ঘটাতে আফগানিস্তানের অভ্যন্তরীণ আলোচনার ওপর জোর দিয়েছিল।
