আন্তর্জাতিক ডেস্ক :
কর্তারপুর করিডোর নিয়ে ভারত-পাকিস্তানের চুক্তিতে ভারতীয় শিখ ধর্মাবলম্বীদের জন্য একেবারেই ব্যতিক্রমী ছাড় দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কর্তারপুরে আসা ভারতীয় শিখদের জন্য আর পাসপোর্টের প্রয়োজন হবে না, শুধু জাতীয় পরিচয়পত্র থাকলেই চলবে। গতকাল শুক্রবার এক টুইট পোস্টে এ ঘোষণা দেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
ইমরান খান বলেন, ভারত থেকে যেসব শিখ তীর্থযাত্রী কর্তারপুরে আসবেন, তাঁদের জন্য আমি দুটি জিনিস তুলে নিচ্ছি। তাঁদের কোনো পাসপোর্টের প্রয়োজন হবে না, শুধু বৈধ পরিচয়পত্র থাকলেই চলবে। আর কর্তারপুরে আসার জন্য ১০ দিন আগে তাঁদের রেজিস্ট্রেশন করতে হবে না।
এ ছাড়া কর্তারপুর করিডোর উদ্বোধনের দিন এবং গুরুজির ৫৫০তম জন্মদিনে করিডোর পার হতে কোনো ফি দিতে হবে না বলে টুইটে ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
কয়েক দিন আগেই কর্তারপুর করিডোর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চুক্তি হয়েছে। নির্দিষ্ট কিছু বিষয় মেনে নিয়েই দুই পক্ষের মধ্যে চুক্তিটি হয়। চুক্তিতে বিভিন্ন বিষয়ের পাশাপাশি করিডোর পার হতে গেলে পাসপোর্ট থাকাও বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু চুক্তির বাইরে এসে ভারতীয় শিখদের জন্য পুরো প্রক্রিয়াটিই সহজ করে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
